থ্রি-হুইলার ও কাঁচাবাজার ৪ লেনের সড়ক ২ লেনে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের যেন কোনো শেষ নেই। অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজারের দখলে পুরো মহাসড়ক। প্রশাসনের নাকের ডগায় মহাসড়কে চলছে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা, বসছে ফলের দোকান ও কাঁচাবাজার। এসবের কারণে যানজট আর জনদুর্ভোগ চরমে। অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজারের কারণে চার লেনের মহাসড়ক এখন দুই লেনে পরিণত হয়েছে।

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ত্রিশাল বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচ দিয়ে অবৈধ থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা পুরো সড়ক দখল করে আছে। এর পাশে সরকারি নজরুল কলেজ গেটের সামনে সারি করে বসানো হয়েছে ফলের দোকান, শাকসবজি ও মাছের বাজার। এতে সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট লেগেই থাকছে।

কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, পৌরশহরের দরিরামপুর বাসস্ট্যান্ডে কাঁচাবাজার, ফলের দোকান ও থ্রি-হুইলার স্ট্যান্ডের কোনো অনুমোদন নেই। এটি প্রভাবশালী মহল টাকার বিনিময়ে বসিয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। মহাসড়কের ওপরই ইজারাবিহীন এ বাজার চলে দিন-রাত ২৪ ঘণ্টা।

তবে গত ১৪ জানুয়ারি এ মহাসড়কে ছিল ভিন্ন চিত্র। ওইদিন সকাল থেকেই পুরো বাসস্ট্যান্ড এলাকায় ছিল না কোনো অবৈধ থ্রি-হুইলার, অটোরিকশা, কাঁচাবাজার। ট্রাফিক পুলিশসহ থানা পুলিশ কোনো পরিবহন দাঁড়াতে দিচ্ছেন না। কারণ ভিআইপি আসছেন।

উপজেলা প্রশাসন মাঝেমধ্যে এগুলো অপসারণ করলেও দুয়েক দিন পর আবার আগের রূপেই ফিরে আসে। দায়িত্বরত পুলিশের সামনেই অবৈধ থ্রি-হুইলার, অটোরিকশা, কাঁচাবাজার বসে আছে। যেন কারও কিছু বলার নেই।

স্থানীয় ইমরান হাসান, হারুন অর রশিদ, আলিমুল রাজীব, আবু রায়হান বলেন, অবৈধ থ্রি-হুইলার ও বাজারের কারণে মহাসড়কের এ অংশে যানজট লেগেই থাকে। প্রশাসন চাইলেই সবসময় সড়ক ক্লিয়ার রাখতে পারে। কিন্তু প্রশাসনের লোকদের ম্যানেজ করেই তারা চলছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মদ বলেন, ইউএনও স্যারের নির্দেশে অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজার অপসারণ করা হয়েছিল। তারা পুনরায় আবারও বসেছে। আমরা একাধিকবার চেষ্টা করেও পারছি না।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। সামনের সপ্তাহে ওসিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত