জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিশের নেতারা। গতকাল বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধির সঙ্গে এ বৈঠক হয়।
বৈঠকে ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খেলাফত মজলিশের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের। এ সময় আরও ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।
বৈঠকের পর খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, ‘আমরা আজকে বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি। আমরা যারা আন্দোলন করছি, সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ সাতটি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা।’
তিনি বলেন, ‘৫ আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল, এটাকে অটুট রাখা। ইতিমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পারছি। আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বিষয়। এজন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি। আলাপ করে আমরা একমত হয়েছি। জামায়াত-ইসলামী আন্দোলনের (চরমোনাইয়ের পীর) ঐক্য : আলহামদুলিল্লাহ।’
জামায়াত-বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলনের ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো।’
এ দুই দলের ঐক্যে বিএনপি কনসার্ন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কনসার্নের কিছু নেই। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারও কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নেই। একসময়ে একদল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে। আবার আন্দোলনের একপর্যায়ে তারা একমত হয়েছে। এটাতে অস্বাভাবিক হওয়ার কি আছে? আজকে যারা একমত, কালকে আবার তারা একমত নাও থাকতে পারে। এটাও ঘটেছে বাংলাদেশে বহু, তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজেই আমার মনে হয়, এ বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা মন্তব্য করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন, তারা নিশ্চয়ই তা করবেন।’
নজরুল বলেন, ‘আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি ঘোষণা করেছেন যে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদের দেয় তাহলে যারাই আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এ দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন।’
