সেন্টমার্টিন দ্বীপে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের যাতায়াত ও রাত কাটানো জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন সেন্টমার্টিন-সংশ্লিষ্ট সব খাতের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে ‘সেন্টমার্টিন’স দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত নভেম্বরে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু ওই সময় ট্রাভেল পাস নিয়ে জটিলতাসহ নানা কারণে সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারেননি। ডিসেম্বর থেকে পর্যটকরা যেতে পারলেও অনেক ট্রাভেল পাস নিয়ে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে। আগামী মার্চে রমজান মাস শুরু হবে। এর আগে ফেব্রুয়ারি ভ্রমণের মোক্ষম সময়। এ সময় পর্যটক যাওয়া বন্ধ থাকলে বড় ক্ষতির মুখে পড়বে দ্বীপবাসী। আগামী ফেব্রুয়ারি মাস সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত কাটানোর জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা। ব্যবসায়ীরা বলেন, পর্যটন দু-তিন মাস এলেও সারা বছরের রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। শুধু ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসের আয় দিয়ে এক বছরের ব্যয় মেটানো সম্ভব নয়। এমনিতেই দ্বীপসংশ্লিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তারা বিনিয়োগ করে লোকসানের মধ্যে আছেন। ফেব্রুয়ারিতে পর্যটক পেলে লোকসান কিছুটা কম হবে। তাই সরকার সংশ্লিষ্টদের কাছে ফেব্রুয়ারি মাস সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত ও রাত কাটানোর অনুমতি চান তারা।
