রুবিও-জয়শঙ্করের আলোচনায় ঢাকা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার ওয়াশিংটনে কোয়াডভুক্ত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর, মার্কো রুবিওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকের পর ব্রিফিংকালে এক প্রশ্নে জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলাপ হওয়ার কথা তুলে ধরেন। তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং চার দেশের জোট কোয়াডের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন।

গণআন্দোলন ঠেকাতে হামলা ও সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলা এবং হত্যা মামলায় নাম এসেছে শেখ হাসিনার। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিকপত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে আগের যেকোনো সময়ের চেয়ে অস্বস্তি চলছে।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশের অংশীদারত্ব শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তারা আঞ্চলিক বিষয়, দুই দেশের মধ্যকার সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেও তারা একমত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, অনিয়মিত অভিবাসনবিষয়ক উদ্বেগ মোকাবিলায় ভারতের সঙ্গে কাজ করবে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জয়শঙ্কর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত