মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন (পিপিএম -সেবা)।
উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ‘ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন।’
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক (অ্যাডমিন) অনিল বিকাশ চাকমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দরা। শোভাযাত্রা শেষে পুলিশ সুপারসহ উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ ও যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
