অপরাধ বাড়ার সঙ্গে অপরাধীরাও ধরা পড়ছে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে অপরাধের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে অপরাধীরাও ধরা পড়ছে। গতকাল রবিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে জরুরি সেবা (হটলাইন) ০৯৬১২০২১৬৯০ নম্বর উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারের জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন। জুলাই-আগস্টে আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের কারাগারের এই হটলাইন সেবায় নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের কারাগার থেকে পলাতক ২ হাজার ২০০ আসামির মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক। এছাড়া পুলিশ বাহিনীর কাজের উদ্যমে ঘাটতি থাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কারা উপমহাপরিদর্শক (ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএএম মাসুম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত