সোনাগাজীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৪ যুবদলকর্মী আহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ এএম

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার যুবদল কর্মী গুরুতর আহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় ঘটনাটি ঘটে।

হামলায় আহতরা হলেন চর দরবেশ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার জামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আবদুল্লাহ টিটু, রুবেল ও আবুল কাশেম। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, হামলার শিকার হওয়া চার যুবদল কর্মী চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাট এলাকায় কৃষক দলের প্রস্তুতি সভা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জামাল উদ্দিন খোকনের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, আহত যুবদলকর্মী খোকনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার বিএনপিকর্মী ভোলন ও ইস্রাফিলের বিরোধ চলছিল। এ নিয়ে গত কিছু দিন ধরে তাদের মধ্যে বিভিন্ন সময় উত্তেজনা দেখা যায়। ধারণা করা হচ্ছে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

আহত জামাল উদ্দিন ও টিটু বলেন, ‘সভা থেকে আমরা স্বাভাবিকভাবে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আমাদের ওপর হামলা করে শেখ ফরিদ ভোলন, ইসরাফিলের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী। এলাকায় তাদের অসামাজিক কাজের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা হামলার ঘটনা ঘটায়।’

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপিকর্মী শেখ ফরিদ ভোলন বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। তাদের নিজেদের দ্বন্দ্বে নিজেরা মারামারি করে আমাদের অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে।’

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, ‘আহতরা যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।’

এদিকে হামলার ঘটনায় গতকাল রবিবার সকালে আহত খোকনের ভাই আবুল কাশেম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, ‘লিখিত অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত