ফ্রান্সের রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো অভিবাসন সংক্রান্ত নতুন একটি সার্কুলার ইস্যু করেছেন। নতুন সার্কুলারে বিশেষ বিবেচনায় বৈধতার ক্ষেত্রে বসবাসের শর্ত বৃদ্ধি, ফরাসি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত যোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফ্রান্সের সবগুলো প্রশাসনিক দপ্তর তথা প্রেফেকচুরগুলোর কাছে সার্কুলারটি ইস্যু করেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো। পরবর্তীতে গত শুক্রবার বিকেলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সেটি ব্যাখ্যা করেন রক্ষণশীল এল আর দলের এই নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করতে চাওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে ‘সার্কুলার ভালস৷’ ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেছিলেন৷ নতুন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো নতুন সার্কুলার জারি করে আগের সারকুলারটি বাতিল করে দিলেন।
‘সার্কুলার ভালস৷’ মূলত কোনও আইন ছিল না। এটি একটি আইনি নির্দেশনা যার মাধ্যমে ব্যতিক্রমী পদ্ধতিতে বৈধতা বা (এইএস)-এর আওতায় অনিয়মিত থেকে নিয়মিত হতেন অভিবাসীরা। নতুন ও পুরাতন উভয় ক্ষেত্রেই অভিবাসীদের জন্য সার্কুলারগুলো সুবিধাজনক নয়। কারণ এটির মাধ্যমে আবেদন প্রত্যাখাত হলে প্রেফেকচুর বা কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালে ৩৫ হাজার অনিয়মিত অভিবাসী চাকরি, পরিবারসহ বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার ভালস অনুসারে বৈধতা পেয়েছেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় স্থিতিশীল সংখ্যা৷
যা আছে নতুন সার্কুলারে
শুক্রবার বৃহত্তর প্যারিস অঞ্চলের ভের্সাই প্রেফেকচুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রুনো রোতাইয়ো বলেন, প্রেফেকচুরগুলোর প্রধানদের বিবেচনার ভিত্তিতে অভিবাসীরা নিয়মিত হবেন। এটির আওতায় বৈধতা স্বয়ংক্রিয় অধিকার নয়। এই ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়মিতকরণ আগের মতোই ‘ব্যতিক্রমী’ হিসেবে বিবেচিত হবে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ফ্রান্সে চার লাখ ৫০ হাজার অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৭৩৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে এইএস প্রক্রিয়ায় নিয়মিত হয়েছেন। যা অনথিভুক্ত অভিবাসীদের মোট সংখ্যার মাত্র ৮ ভাগেরও কম। নতুন আইন নিয়ে দেশটিতে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
