‘জুনিয়র ইনস্ট্রাক্টর’ পদে ৩৫০০ জনের নিয়োগ স্থগিত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ‘জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)’ পদে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যক্রম তিন মাস স্থগিত করেছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এ আদেশের ফলে আগামীকাল ২৯ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের যোগদান আটকে গেল। এ নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে নিয়োগবঞ্চিত ১৮ জন সম্প্রতি এ রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এ জেড এম নূরুল আমিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত