এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০০ এএম

চলতি (২০২৪-২৫) অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। অর্থবছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এনবিআরকে চলতি অর্থবছরে ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকার শুল্ক, ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকার মূসক ও ১ লাখ ৭১ হাজার ৪৯৫ টাকার আয়কর আদায় করতে হবে।

গতকাল মঙ্গলবার এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২০২৪ সালের বাজেটে জুনে বাজেট বাস্তবায়নে গত জুনে বাজেট বাস্তবায়নে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এর মধ্যে এককভাবে এনবিআরকে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করগুলোর সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ছয় মাস শেষে রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় রেকর্ড প্রায় ৫৮ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। শুধু ঘাটতি নয়, একই সময়ে গত অর্থবছরের চেয়েও রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে এনবিআর।

গত অর্থবছর একই সময় রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা, যেখানে চলতি অর্থবছর ছয় মাসে আদায় হয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

এনবিআর কর্মকর্তারা দাবি করেছেন, অস্বাভাবিক লক্ষ্যমাত্রার কারণে ঘাটতি বাড়ছে। এ ছাড়া জুলাই ও আগস্ট মাসে রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলারের মূল্যবৃদ্ধিসহ বেশ কয়েকটি কারণে আদায় কমে গেছে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৫৭ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত