চুরি যাওয়া অটোভ্যান ফিরে পেলেন শাহ আলম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা মো. শাহ আলম। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে ভ্যান রেখে চা পান করতে যান তিনি। ১০ মিনিট পর ফিরে এসে দেখেন অটোভ্যানটি নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে শাহ আলমের। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটি না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দলনেতা মো. বাছেদকে (৪০) উপজেলার চকপোতা (বাগড়া) এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের মো. মোন্নাফের বাড়ির পাশের ফাঁকা জায়গা থেকে চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ময়নুল ইসলাম বলেন, ‘গ্রেফতার আসামি চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে জানার চেষ্টা চলছে।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘চুরি হওয়া অটো চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত