ভারতের কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৪০

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে। পদদলিত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার ভোরের আগে এ ঘটনা ঘটেছে। এ সময় হিন্দুদের ছয় সপ্তাহের এ মেলার সবচেয়ে শুভদিন উপলক্ষে ত্রিবেণী সঙ্গ মে পুণ্যস্নান করতে কয়েক কোটি মানুষ প্রয়াগরাজের অস্থায়ী শহরটিতে হাজির হয়। ড্রোন ফুটেজে দেখা গেছে ভক্তরা ভোররাতের অন্ধকারের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে গঙ্গা, যমুনা ও পৌরাণিক অদৃশ্য নদী সরস্বতীর মিলনস্থল ত্রিবেণীতে পবিত্র ডুব দিতে যাচ্ছেন। এরপরই এ দুর্ঘটনা ঘটে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাত প্রায় ১টার দিকেও পদদলনের আরেকটি ঘটনা ঘটেছিল, কিন্তু তা গুরুতর ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম পদদলনের ঘটনা থেকে বাঁচার জন্য ভক্তরা সরে যাওয়ার চেষ্টা করলে বের হওয়ার একটি পথে ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে আরেকটি পদদলনের ঘটনা ঘটে। তখন তারা সেখান থেকে সরে এসে বের হওয়ার আরেকটি পথের খোঁজে পন্টুন সেতুগুলোর কাছে গেলে দেখেন কর্র্তৃপক্ষ সেটি বন্ধ করে রেখেছে। তবে কীভাবে পদদলনের ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার হয়নি। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার কাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র‌্যাপিড অ্যাকশন ফোর্সের একটি বিশেষ ইউনিটকে মোতায়েন করা হয়। এর আগে ২০১৩ সালের মহা কুম্ভ মেলার সময়ও সবচেয়ে শুভদিন মৌনী অমাবস্যার রাতে ভিড়ের চাপে একই ধরনের পদদলের ঘটনা ঘটেছিল। ওই সময় নিহত ৩৬ জন ভক্তের অধিকাংশই নারী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত