থ্রেডস-এ এবার বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও জাপানের কয়েকটি কোম্পানির সঙ্গে তাদের থ্রেডস মাইক্রোব্লগিং পরিষেবাতে বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা শুরু করছে এর মূল কোম্পানি মেটা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে এ তথ্য জানায় কোম্পানিটি। বিজ্ঞাপন নিয়ে এ পরীক্ষা থ্রেডস থেকে রাজস্ব আয়ের লক্ষ্যে মেটার প্রথম ধাপকে চিহ্নিত করে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। মেটা ২০২৩ সালের জুলাই মাসে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে এ অ্যাপটি চালু করে। ২০২২ সালের শেষের দিকে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। কেনার পর তিনি এর নাম পাল্টে এক্স রাখেন।
থ্রেডসের পরিকল্পনা নিয়ে এক পোস্টে ইনস্টাগ্রাম প্রধান ও থ্রেডসের তত্ত্বাবধানকারী অ্যাডাম মোসেরি বলেছেন, ‘এ পরীক্ষাটি আরও বড় পরিসরে বাড়ানোর আগে এ নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব আমরা। যার লক্ষ্য, থ্রেডস-এর বিভিন্ন বিজ্ঞাপনকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে এগুলো অর্গানিক কনটেন্টের মতোই আকর্ষণীয় হবে।’
এ পরীক্ষার সময় ফিডের মধ্যে বড় ছবিওয়ালা বিজ্ঞাপন দেখতে পাবেন অল্প সংখ্যক থ্রেডস ব্যবহারকারী। ব্লগ পোস্টে মেটা বলেছে, এসব পরীক্ষামূলক বিজ্ঞাপন স্পনসর্ড কনটেন্টের মতোই হবে, যা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এরই মধ্যে নিজেদের ফিডে দেখেন।
মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও রিলস-এ ব্যবহৃত ‘ব্র্যান্ড-সেফটি’ টুলেও প্রবেশ করতে পারবে এ পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন কোম্পানি। এ টুলটির ডিজাইন এমন যে, ব্র্যান্ডের স্পনসর্ড কনটেন্টের পাশাপাশি এতে আপত্তিকর কনটেন্ট চলবে না।
থ্রেডসের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি এবং থ্রেডসের চারজনের মধ্যে তিনজন তাদের ব্যক্তিগত ফিডে কম করে হলেও কোনো না কোনো ব্যবসা অনুসরণ করেন বলে জানিয়েছে মেটা।
কোম্পানিটি বলেছে, মেটায় এরই মধ্যে থাকা ‘মনিটাইজেশন পলিসি’ থ্রেডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যা নিশ্চিত করবে ‘আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এমন কনটেন্ট বিজ্ঞাপনের জন্য প্রযোজ্য নয়’।
