ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর রিটার্ন জমার সময়সীমা চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করে সরকার। এ ছাড়া গত বছরের ১৭ নভেম্বর এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বালা হয়, রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিটার্ন জমার সময় বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ এরই মধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশে বর্তমানে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতি বছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। চলতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়।
গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে গত ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান।
