‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নাম প্রস্তাব ইউজিসির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ এএম

রাজধানীর সরকারি সাতটি বড় কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। গতকাল বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যানসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়। শিক্ষার্থীরা চাইলে এই নাম গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে অধ্যাপক তানজিমসহ আমরা কমিটির তিনজন ছিলাম। সেখানে প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্যে জুলাই-৩৬ নামটি নিয়েই বেশি আলোচনা হয়েছে। মূলত, ৫ আগস্ট যে নতুন দেশ উপহার দিয়েছে শিক্ষার্থীরা, সেটিকে স্মরণে রাখতে জুলাই-৩৬ নামটি প্রস্তাব করা হয়। উপদেষ্টাও নামটি পছন্দ করেছেন।

চেয়ারম্যান বলেন, আমরা এখন এই বিশ্ববিদ্যালয়টির মডেল কেমন হবে, তা নির্ধারণ করব। আজকেই (বৃহস্পতিবার) ইউজিসিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের এক দফা আলোচনা হয়েছে। আরও এক দফা আলোচনা হবে। এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত করলে বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হবে।

সরকারি সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। সরকার এই সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এজন্য ইউজিসির মাধ্যমে একটি কমিটি কাজ করছে। এ বিষয়ে ইতিমধ্যে ইউজিসি এই সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে। এখন শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্ভাব্য নাম নিয়েও আলোচনা করেছে কমিটি। এর পাশাপাশি এই সাত কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়েও আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত