তিতুমীর কলেজ শিক্ষার্থীদের কর্মসূচিতে নগর জুড়ে যানজট

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ এএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এতে করে সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-বনানী, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও মগবাজার এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজট। এ অবরোধের ফলে বিশ্ব ইজতেমার আগের দিন মহাখালী ও আশপাশের এলাকা জুড়ে ভয়াবহ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারীরা। এ অবস্থায় বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যে ছোটেন অনেকে। তবে দূরের যাত্রীরা ব্যাগপত্র, মালামাল নিয়ে বাসেই অপেক্ষা করেন ঘণ্টার পর ঘণ্টা।

রাকিব মিয়া নামে এক যাত্রী জানান, গুলিস্তান থেকে বাসে দুপুর ১২টার দিকে রওনা হয়েছেন। বিকেল ৫টা বাজে। এখনো বাসেই আছেন। এখন তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে। গাজীপুর যেতে কত সময় যে লাগবে বুঝতে পারছেন না। এভাবে কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় বসেছে। যার জন্য গাড়িগুলো আগে বাড়ছে না।

একই অবস্থা সাবিনা বেগমের। তিনি বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। এখনো সাতরাস্তা পার হতে পারছি না। শিক্ষার্থীদের আন্দোলনের জন্য এখন যানজটে বসে থাকতে হচ্ছে। এগুলো যেন দেখার কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন এই যাত্রী।

আন্দোলনকারীদের একজন আলী আহমদ বলেন, ‘আমাদের পাঁচজন বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে অনশনে ছিলেন। ক্যাম্পাস শাটডাউন থাকার পরও অধ্যক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন। অনশনরতরা অসুস্থ হওয়ার পরও তিনি তাদের সঙ্গে কথা বলেননি। উল্টো তাদের দিকে মাইক দিয়ে গান-বাজনা চালাচ্ছেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন।’

সকালেই গুলশান ট্রাফিক বিভাগ মহাখালী রুট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে ছাত্রছাত্রীরা কলেজের সামনে আমরণ অনশন করছেন। এজন্য আমতলী থেকে কোনো গাড়ি গুলশান-১-এর দিকে যাচ্ছে না এবং গুলশান-১ থেকে কোনো গাড়ি আমতলীতে আসছে না। মোট কথা মহাখালী থেকে উত্তরার দিকে ইনকামিং/আউটগোয়িং দুদিকেই যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ক্রাইম পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী বলেন, শিক্ষার্থীদের মহাখালী সড়কে অবস্থান ও অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকে সড়কে চাপ বেড়েছে। গুলশান-মহাখালী রুটের দুই লেনে যানচলাচল বন্ধ থাকায় বনানী রুটেও চাপ বেড়েছে। আমরা চাপ কমাতে ডাইভারশন দিচ্ছি।

ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন, তিতুমীর কলেজের আন্দোলনের প্রভাব পড়েছে পুরো মহাখালী, তেজগাঁও এলাকায়। ওইদিকে গাড়ি খুব সেøা পাস হচ্ছে, যে কারণে তীব্র জটলা তৈরি হয়েছে। আমরা মহখালী এলাকার সঙ্গে সমন্বয় করে রেগুলার ট্রাফিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছি। যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে, তাদের সেদিক দিয়ে পাস করে দেওয়ার চেষ্টা করছি। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করছি।

এদিকে দুপুরে ঢাকার অন্যপ্রান্ত শনির আখড়া এলাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরাও প্রায় ঘণ্টা দুয়েক সড়ক অবরোধ করেন। ফলে যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামগামী সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে মিনহাজুল ইসলাম নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে সড়কে নেমে বিক্ষোভ দেখান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আজাদ রহমান বলেন, সম্প্রতি দনিয়া কলেজের একজন শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় বিচার চেয়ে দুপুরে মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ঘণ্টা দুয়েক অবস্থানের পর তারা সরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত