দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও প্রিমিয়াম ব্র্যান্ড কুপার্সের মধ্যে এক বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় রূপায়ণ সিটির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা কুপার্সের পণ্য ক্রয়ে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন।
রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং কুপার্সের চেয়ারম্যান জন কুপার্স গতকাল বৃহস্পতিবার এ চুক্তিতে সই করেন। এ চুক্তির ফলে রূপায়ণ সিটির অ্যাপার্টমেন্ট, ভিলা, পেন্টহাউজ এবং কমার্শিয়াল স্পেসসহ সব পণ্যের ক্রেতারা কুপার্স থেকে পণ্য কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করবেন। একইভাবে কুপার্সের গ্রাহকরা রূপায়ণ সিটির প্রকল্পে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী, মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তারা ও কুপার্সের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর সায়মন কুপার, জিএম (সেলস) মিতা নাথ, এজিএম (সেলস) অ্যান্ড মার্কেটিং আমিনুল ইসলাম রাশেদ, হেড অব এইচআর তুষার ঘোষ ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিটুবি) লিভন আহমেদ উপস্থিত ছিলেন।
রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, ‘রূপায়ণ সিটি সব সময় সমমনা এবং প্রতিশ্রুতিশীল ব্র্যান্ডগুলোর সঙ্গে সহযাত্রা করে থাকে। কুপার্স তিন যুগেরও বেশি সময় ধরে তার কোয়ালিটি এবং কমিটমেন্ট যেভাবে প্রতিফলিত করছে, তা রূপায়ণ সিটির টেকসই জীবনব্যবস্থাকে সমর্থন করে। এ ধরনের পারস্পরিক মূল্যবোধসম্পন্ন সমঝোতা রূপায়ণ সিটি করে থাকে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
কুপার্সের চেয়ারম্যান জন কুপার্স বলেন, ‘রূপায়ণ সিটির সঙ্গে এই সমঝোতা আমাদের পণ্যের আরও বিস্তৃত পরিসরে প্রসার ঘটাবে এবং আমাদের ও রূপায়ণ সিটির গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধা হিসেবে কাজ করবে। আমরা সত্যিই মুগ্ধ এই সুন্দর গোছানো সিটি দেখে। চারদিকে সবুজ আর মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে এক নৈসর্গিক সৌন্দর্য; যা ঢাকার ভেতরে খুঁজে পাওয়া সত্যিই বিরল।’
সংশ্লিষ্টরা জানান, উভয় প্রতিষ্ঠানই আশা করছে যে এই অংশীদারত্ব ভবিষ্যতে আরও নতুন সুযোগ সৃষ্টি করবে এবং গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে।
