দুই স্টলের কর্মচারীদের সংঘর্ষে রণক্ষেত্র মেলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ এএম

নতুন বিতর্কে জড়াল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। এবার মেলা জুড়েই নিম্নমানের পণ্য, টিকিট কালোবাজার, খাবারের অতিরিক্ত দামসহ নানা বিষয় নিয়ে ছিল বিতর্ক। গতকাল বৃহস্পতিবার মেলা শেষের আগের দিন দুই স্টলের লোকজন জড়ালেন সংঘর্ষে। আকস্মিক সংঘাতে কিছু সময়ের জন্য রণক্ষেত্র হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের ২২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে দুজনকে।

গতকাল বেলা ১১টার দিকে বিএম কালেকশন নামে ক্রোকারিজ স্টল ও আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের স্টলের কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় মেলায় আসা দর্শনার্থীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার ৩০তম দিন হওয়ায় দর্শনার্থীদের পদচারণে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বেলা ১১টার দিকে ক্রেতাদের নিজ নিজ দোকানে নেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডায় জড়ান বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের কর্মচারীরা। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে একপক্ষ অন্যপক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার ৩০তম দিন হওয়ায় সকাল থেকেই বাণিজ্য মেলায় দর্শনার্থীর সমাগম ছিল বেশি। প্রতিটি স্টলের সামনেই ছিল দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। শেষ সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান ক্রেতাদের ছাড় দিচ্ছে। ছাড় পেয়ে দর্শনার্থীরাও কিনছেন মনের মতো করে। মেলায় গৃহস্থালি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, কসমেটিকস ও রেস্তোরাঁগুলোয় ভিড় দেখা গেছে। অতিরিক্ত ভিড় হওয়ায় ব্যবসায়ীরা পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।

ব্যবসায়ীরা জানান, মেলা শেষের দিকে হওয়ায় দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। প্রথমদিকে মেলায় ক্রেতার সংখ্যা বেশি না হলেও শেষের দিকে ক্রেতা বাড়ায় বিক্রিও বেড়েছে। তবে সময় না বাড়ানোয় প্রথমদিকের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

কথা হয় ফার্নিচার দোকানের কর্মচারী সুমনের সঙ্গে। তিনি বলেন, ‘মেলা শেষের দিকে হওয়ায় দর্শনার্থীর অনেক ভিড় হয়েছে। ফার্নিচার পণ্যও আমাদের অনেক বেশি বিক্রি হয়েছে। তবে আজ (গতকাল) হঠাৎ করে সংঘর্ষের ঘটনা ঘটায় কিছু সময়ের জন্য ব্যাহত হয় বেচাকেনা।’

জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেলায় মারামারির ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের সংঘাতের আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘শেষের দিকে হওয়ার কারণে মেলায় প্রচুর দর্শনার্থী আসছে। মেলায় ছোট একটা ঝামেলা হয়েছে। সেটি আবার মীমাংসাও হয়ে যায়। মেলায় দর্শনার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে আমরা খেয়াল রাখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত