গাইবান্ধায় আগুনে পুড়ল তিন ঘর, অবশিষ্ট নেই কিছুই

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর ও ঘরের আসবাবপত্র, ধান-চাল, বাদামসহ মূল্যবান সম্পদ পুড়ে গেছে। উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে রান্না ঘরে ধোঁয়া উঠতে দেখতে পায় বাড়ির লোকজন। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কয়েক মিনিটের মধ্যেই তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র, ধান- চাল, বাদামসহ মূল্যবান সম্পদ সবকিছুই পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ হারুন ওই গ্রামের হাসানুর রহমান হাসুর ছেলে। তিনি জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ রাতে কোথায় থাকবো সে ব্যবস্থাও নাই। সব পুড়ে ছাই হয়ে গেছে।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রান্না করা ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত