যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ছয় আরোহী নিয়ে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে একজন অসুস্থ শিশু ও তার অভিভাবকসহ ছয়জন আরোহী ছিলেন। যার মধ্যে চারজন ক্রু। দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয় কর্র্তৃপক্ষ।
ফেডারেল অ্যাভিয়েশন কর্র্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, ফিলাডেলফিয়ায় লিয়ারজেট ৫৫ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, রুজভেল্ট বুলেভার্ড অ্যান্ড কটম্যান অ্যাভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।
এটি ফিলাডেলফিয়া থেকে মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে যাচ্ছিল। এয়ার অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বলেছে, বিধ্বস্ত হওয়ার পর কেউ বেঁচে আছেন কি না তা তারা নিশ্চিত হতে পারেননি।
ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে বড় ধরনের প্রাণহানির তিন দিনের মাথায় আবার যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটল। এর আগে, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হেলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, ‘ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দুঃখজনক ঘটনা ঘটেছে। আরও কিছু নিরীহ প্রাণ হারিয়ে গেল। আমাদের লোকজন সেখানে পুরোদমে কাজ করছে। প্রাথমিক উদ্ধারকারীরা যা করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয়।’
