ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলযোগে রক্ত দিতে গিয়ে শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪) নামে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব উপজেলার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে। বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।
নবীনগর উপজেলা ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ও বোরহান অত্যন্ত ভদ্র ও নম্র ছিলেন। এই দুইজন মানুষের বিপদে যেকোনো অবস্থায় ছুটে যেতেন। আজ সকালে কোম্পানিগঞ্জে এক রোগীকে মোটরসাইকেলযোগে রক্ত দিতে যাওয়ার পথে আলীয়াবাদ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বোরহানকে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে বোরহানের মৃত্যু হয়। তাদের মৃত্যু মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলে মারা যায় এবং বোরহানকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শিহাব ও বোরহানের বাবা বলেন, রক্ত দিতে গিয়ে আমার পোলা শেষ হয়ে গেল! আমাদের বংশের দুটি ভাল ছেলে আমাদের রেখে চলে গেছে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
