বিদ্যা, জ্ঞান ও শুদ্ধতার দেবী সরস্বতী পূজা আজ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

আজ সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। দেবী সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে পূজা করা হয়। সনাতন শাস্ত্রমতে, চতুর্ভূজা ব্রহ্মার মুখ থেকে আভির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী দেবীই হলেন সরস্বতী। বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। আজ নানা আচারে সরস্বতী দেবীর পূজা, আরাধনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকবর্তিতার পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তার ভক্তরা। সারা দেশে মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অস্থায়ী ম-প, পাড়া-মহল্লায় এবং ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল আনন্দের মধ্য দিয়ে মহাসমারোহে পূজার আয়োজন করা হয়েছে। মন্দির ও ম-পগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

সরস্বতী পূজায় ফুল, আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ এমন নানা উপাচার ব্যবহার করা হয়। এদিন সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়িসহ পিতৃতর্পণ (পূর্বপুরুষদের স্মরণ করা) ও ব্রাহ্মণভোজন হবে। এ ছাড়া সরস্বতী পূজাম-পগুলোয় প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করেছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ, হাসপাতালসহ পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজারে বিভিন্ন মন্দির ও অস্থায়ী ম-পে এ পূজার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অনেকে বাসাবাড়িতেও এ পূজার আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে ৬০টির বেশি অস্থায়ী ম-পে পূজার আয়োজন করা হয়েছে।

সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে অবকাশ ছুটি থাকবে।

ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল দেশ রূপান্তরকে বলেন, ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লাসহ ব্যক্তিগত উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। বিপুল আনন্দের মাধ্যমে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত