রাজধানীর উত্তরায় তিন ছাত্রকে আটকের জের ধরে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা করেছে একদল শিক্ষার্থী। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগও উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। তারা সেখানে গিয়ে জানতে পারেন, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘আটকের পর ওই ছাত্রদের ছাড়িয়ে নিতে এই হামলা চালানো হয়।’
এ খবর পেয়ে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান। পরে শিক্ষার্থীদের সঙ্গে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনায় বসে পুলিশ। এ সময় পুলিশের আশ্বাসে শান্ত হন শিক্ষার্থীরা।
