হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ৬ দিন পর হত্যা মামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ এএম

কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলাম নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার নিহতের স্ত্রী ইয়াছমিন নাহার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। নিহত যুবদল নেতার পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ থাকায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। যার মধ্যে সাদা (সিভিল) পোশাকধারী ও সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম, ইটাল্লা গ্রামের তানজিল উদ্দিন, নাজমুল হাসান, খায়রুল হাসান, সাইদুল হাসান এবং বামইল গ্রামের সোহেল।

এ বিষয়ে বাদী ইয়াছমিন নাহার বলেন, ‘সেনাবাহিনীর আশ্বাসে আমরা সন্তুষ্ট হয়ে ঘটনার নেপথ্যে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমরা দেখতে চাই, জড়িত সেনাদের কতটা কঠোর বিচার করে সেনাবাহিনী। তারাই সেনাবাহিনীকে দিয়ে আমার স্বামীকে হত্যা করিয়েছে। আমি খুনিদের বিচার চাই। এ ঘটনায় পুলিশ ভালোভাবে তদন্ত করলে সব বেরিয়ে আসবে।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিরা ঘটনার পর থেকে পলাতক। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত।’

নিহত তৌহিদুল ইসলাম (৪০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তার বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত