সারজিস বললেন

শেখ হাসিনার বিচারমঞ্চ হবে ফাঁসির মঞ্চ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ এএম

শেখ হাসিনার বিচারের মঞ্চ ফাঁসির মঞ্চ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘আমার শত শত ভাইকে হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয়, শত শত মানুষ হত্যা করে, গুম করে, খুন করে আবার নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। তাকে এনে এই বাংলাদেশে বিচার করা হবে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি, দেশ এবং দেশের বাইরে যারা খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, বিভিন্নভাবে প্রমোট করছেন, আপনাদের এই দেশের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা ভুলে যায়নি। এই দেশের তরুণ প্রজন্ম আপনাদের ভুলে যায়নি। তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, প্রয়োজনে আবার নামবে।’

তিনি আরও বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের সময়ে খুনি হাসিনা থেকে শুরু করে, প্রতিটি খুনের সঙ্গে জড়িত যারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কিছু বিপথগামী পুলিশ সদস্য- সবাইকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। তারা যদি এটি না পারে, তাহলে তাদের জায়গা থেকে অন্য বড় বড় গল্প বলে লাভ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত