আগামী মে মাসের শেষদিকে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকার। এজন্য চলতি ফেব্রুয়ারির মাঝামাঝিতে তিন সদস্যের নির্বাচন কমিশন এবং তিন সদস্যের নির্বাচনী আপিলাত বোর্ড গঠন করে তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের বর্তমান প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. শাহাদত হোসেন গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান। সভায় সারা দেশ থেকে শতাধিক বিলবোর্ড ব্যবসায়ী অংশ নেন।
এর আগে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির (২০২২-২৩) সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন খান অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে সংগঠনের নির্বাহী কর্মকা- পরিচালনায় স্বেচ্ছাচারিতা, ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির তদন্ত চেয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে লিখিত অভিযোগ করেন। সে সময় বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আনা স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের সত্যতা উঠে আসায় সরকার ২০২৪ সালের ৮ এপ্রিল বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে। এর মধ্যে দুই দফা প্রশাসক পরিবর্তনের পর বর্তমান প্রশাসক ড. শাহাদত হোসেন বৃহস্পতিবার মতবিনিময় সভা শেষে আগামী মে মাসের শেষদিকে বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলে বিলবোর্ড ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
