দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আমেনা 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

ঠাকুরগাঁও থেকে স্বামীর সাথে নীলফামারীর ডিমলায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন আমেনা খাতুন (৪৫)। ফেরার পথে পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। একইসঙ্গে তার স্বামী আকতার হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমেনা খাতুন ও আক্তার হোসেন দম্পতি ঠাকুরগাঁও পৌরসভার মুসলিমনগর এলাকার বাসিন্দা। আক্তার হোসেন ওই এলাকার মৃত নাজিমউদ্দীনের ছেলে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরসদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দাদা-নাতী হোটেলের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমেনা বেগম ও তার স্বামী আক্তার হোসেন নীলফামারীর ডিমলায় একটি বিয়ের দাওয়াতে যান। রাতে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও ফেরার পথে দেবীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় তারা ছিটকে পড়েন এবং ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, সড়ক দুর্ঘটনায় একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত