দাঙ্গা সৃষ্টির জন্য হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে: জামায়াত সেক্রেটারি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

শেখ হাসিনা ভারতে বসে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। হাসিনা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে বসে উসকানিমূলক বক্তব্য রাখছেন। এই উসকানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়িসহ দেশের ৩৫ জেলায় হামলা-ভাঙচুর করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল সেই ক্ষোভের কারণেই এখনো দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।

এ সময় তিনি সংস্কার ও নিরপেক্ষ নির্বচন কমিশনের অধীনে নির্বাচন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নেতা-কর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে শান্ত থাকার কথাও বলেন।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত