নিরাপত্তা বলয়ে সুপ্রিম কোর্ট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

সুপ্রিম কোর্ট ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার সকাল থেকে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র‌্যাব সদস্যরা সুপ্রিম কোর্ট ও তার আশপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

এদিকে সুপ্রিম কোর্টে প্রবেশে একাধিক ফটকের বাইরে পুলিশ, র‌্যাব ও ফটকের ভেতরে সেনা সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। সুপ্রিম কোর্ট মাজার গেটে প্রবেশ মুখ দিয়ে যারা প্রবেশ করছেন, তাদের পরিচয় নিশ্চিত হয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিছু অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের ভেতরে শেখ মুজিবের ম্যুরাল রয়েছে। যে কারণে সতর্কতা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রবেশের ক্ষেত্রে নিজ নিজ পরিচয়পত্র বহন করতে হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আসা বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশকালে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড, পাসপোর্ট, অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত