সেনাপ্রধান বললেন

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন সুস্বাস্থ্যের বার্তা বহন করছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ এএম

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়। এ ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, ‘এই ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয় এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫-এ অংশগ্রহণকারী সব দেশি-বিদেশি অ্যাথলেট এবং এই আয়োজনকে সাফল্যম-িত করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সেনাপ্রধান। আইএসপিআর আরও জানায়, এই ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ হাজার ৭৬০ জন পুরুষ, ৭৬৭ জন নারীসহ মোট ১০ হাজার ১২৭ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।

ম্যারাথনে বিজয়ী যারা : ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল-আমিন এবং মহিলা বিভাগে পাপিয়া খাতুন প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আশিক আহমেদ এবং মহিলা বিভাগে রিঙ্কি বিশ্বাস প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া ১০ কিলোমিটার (সাধারণ) পুরুষ বিভাগে এম সোয়ান এবং মহিলা বিভাগে প্রিয়া আক্তার, ১০ কিলোমিটার (প্রথমবার) অংশগ্রহণকারী পুরুষ বিভাগে মো. তুহিন আল মামুন এবং মহিলা বিভাগে মোসা. সুমাইয়া আখতার এবং ১০ কিলোমিটার (ভেটেরান) পুরুষ বিভাগে জসিম উদ্দিন আহমেদ এবং মহিলা বিভাগে ইরি লি কৈকি প্রথম স্থান অর্জন করেন। এ সময় চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, বিভিন্ন স্পন্সররা, গণমাধ্যম ব্যক্তি এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দৌড়বিদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত