চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২৫’ আয়োজন করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন পেশা, শ্রেণি ও নানান বয়সের প্রায় ৩০ হাজার লোকের সমাগমে মুখরিত হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ। 

শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, বিভিন্ন জেলার মানুষ অথিতি হিসেবে মেজবানে অংশগ্রহণ করেন। অষ্ঠাদশ শতক থেকে পুরোপুরি চট্টগ্রামে চালু হয় এ মেজবানির আয়োজন। শতবছরের বেশি পুরোনো চট্টগ্রাম সমিতি ঢাকা চট্টগ্রামবাসীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দুবছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে থাকে।

হাজার হাজার লোকের পদচারণায় এ মেজবান উৎসবের আমেজে পরিণত হয়। পরিচিতি অনেকের সঙ্গে দেখা সাক্ষাত হয়, নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলে একে অপরের সঙ্গে। মুহুর্তের মধ্যে ঢাকার বুকে একখন্ড চট্টগ্রাম হয়ে উঠে।

ঢাকায় অবস্থানরত চট্টগ্রামবাসী এ ঐতিহ্যকে ধারণ করে প্রতিবারের মতো আজকের এই মেজবান ও মিলন মেলা আয়োজন করেছে ঢাকায় অবস্থানরত চট্টলাবাসীকে আলাদা আনন্দ ও পারচিতি দিয়েছে। চট্টগ্রামের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য এবং ভাষাগত স্বাতন্ত্র্য। চট্টগ্রামবাসী এ সমৃদ্ধ ঐতিহ্যকে সবসময় লালন ও ধারণ করে থাকে।

সমিতির সভাপতি মো. মুসলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন মেজবান কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সহসভাপতি, অর্থ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সমিতির উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির সব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিবসহ সদস্যরা। এছাড়া সরকারের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রকৌশলী, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ নানান পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী ‘চট্টলশিখা’র মোড়ক উন্মোচন করা হয় এবং প্রতিবারের মতো এবারও সমাজের নানাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজন বিশিষ্টজনকে ‘চট্টগ্রাম সমিতি পদক’ দেওয়া হয়।

পদকপ্রাপ্তরা হলেন— চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডা. আবুল ফয়েজ, শিল্প ও উন্নয়নে অবদানের জন্য বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহুসেইন আকবর আলী এফসিএ, সমাজসেবায় অসামান্য অবদানের জন্য মরহুম শাহসুফী মাওলানা আব্দুল জব্বার (মরণোত্তর), চট্টগ্রাম

সমিতি ও সমাজসেবায় অবদানের জন্য লায়লা সিদ্দিকী এবং পরিবেশ উন্নয়নে বিশেষ অসামান্য অবদানের জন্য মুকিত মজুমদার বাবুকে সম্মাননা পদক দেওয়া হয়। 

পদকপ্রাপ্ত ব্যক্তিরা চট্টগ্রাম সমিতিকে পদক দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর ঐতিহ্যবাহী মেজবানি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় এবং চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত