মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টা একটা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারেন। দেশে সংস্কার জরুরি, সংস্কার যদি শেষ না হয় এবং রাজনৈতিক দলগুলো একমত হলে সর্বশেষ ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না। গতকাল রবিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম-সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা বলেন, হাওরের পাখি শিকার করে যারা আনন্দ পান তাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে। এটা একটা নির্মম এবং অমানবিক কাজ। এই কাজটা করা ঠিক হবে না। এটি দেশের জন্য ক্ষতি, প্রাণপ্রকৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দেশের প্রচলিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবীর, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনসহ স্থানীয় উপকারভোগীরা।
