অভিনেতা ও নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমরা সড়কে জীবনের গ্যারান্টি চাই। দুর্ঘটনা রোধে আমরা যখন সড়কে উঠব তখন আমাদের লাইসেন্সসহ গাড়ি ঠিক আছে কিনা চেক করে উঠব। মঙ্গলবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার উদ্যোগে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন যে লিফলেট বিতরণ করছে, লিফলেটে যে নিয়ম-কানুনের কথা বলা হয়েছে তা মেনে চলার চেষ্টা করব। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারব।’
‘ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা রোধে সুধী সমাবেশের আয়োজন করা হয়। তুফান কনভেনশন সেন্টারে মো. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী।
আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু।
সৌদি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক