বিএসএমএমইউয়ের বহির্বিভাগ

অনলাইনে নেওয়া যাবে অ্যাপয়েন্টমেন্ট চালু ১ মার্চ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ এএম

আগামী ১ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হচ্ছে। এটি চালু হলে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখানোর জন্য আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তারা আগেভাগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে দিনক্ষণ ঠিক করতে পারবেন। সে অনুযায়ী হাসপাতালে এলেই চিকিৎসক দেখাতে পারবেন। এমনকি ভবিষ্যতে অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি বহির্বিভাগ ফিও অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন রোগীরা। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। এ ব্যাপারে উপাচার্য বলেন, বহির্বিভাগই চিকিৎসাসেবার সবচেয়ে বড় স্থান। রোগীদের সেবার মান উন্নত ও রোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা অপরিহার্য হয়ে পড়েছে। তাই স্বাধীনতার মাস উপলক্ষে আগামী ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছি।

উপাচার্য আরও বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু হলে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার তথ্যসহ চিকিৎসা-সংক্রান্ত সব বিষয়ের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে করে সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রয়োজনমতো রোগীর তথ্য জেনে মূল্যবান পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন। একই সঙ্গে সংগৃহীত ডেটাগুলো নিত্যনতুন গবেষণার দ্বার উন্মোচন করবে।

উপাচার্য বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্টে আসা রোগীদের যাতে চিকিৎসকরা প্রয়োজনীয় সময় দেন, তা নিশ্চিত করা হবে। এতে চিকিৎসকদের কোনোমতে দেখে রোগীকে দ্রুত বিদায় করে দেওয়ার মানসিকতা বদলাবে। রোগীরাও সঠিক চিকিৎসা পাবে ও সন্তুষ্ট হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বহির্বিভাগে আসা রোগীদের প্রেসক্রিপশনে আনরেজিস্ট্রার্ড যেকোনো ধরনের প্রোডাক্ট লেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন।

সভায় জানানো হয়, বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়নসহ রোগীদের দুর্ভোগ লাঘব অযথা ভিড় এড়ানো, রোগীদের সময় সাশ্রয় করা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকিট সংগ্রহের ঝামেলা এড়ানো, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই বিএসএমএমইউ প্রশাসন বহির্বিভাগে আসা রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক ও অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট আছে। সেখানে “ওপিডি অ্যাপয়েন্টমেন্ট” বিভাগে ক্লিক করলেই রোগীরা কখন ও কবে আসতে চায়, কোন বিভাগের রোগী দেখাতে চায় সবকিছু জানাতে পারবেন। পরে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে খুদে বার্তার মাধ্যমে রোগীকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। আমরা অনলাইনে ফি জমা দেওয়ার বিষয়টিও চেষ্টা করছি।’

এই চিকিৎসক বলেন, ‘অনলাইনের পাশাপাশি এখন যে ধরনের উপস্থিত হয়ে রোগী দেখাতে হয়, সে ব্যবস্থাও থাকবে। দুই ব্যবস্থাই সবার জন্য উন্মুক্ত রাখব। পৃথিবীর অধিকাংশ দেশেই অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা আছে। কিছু কিছু দেশে টেলিফোনেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। এর ফলে রোগীদের দুর্ভোগ কমবে। এখন যে রকম একজন রোগী সকালে এসে লাইনে দাঁড়ায়, কিন্তু চিকিৎসককে দেখাতে পারে দুপুরে। এই দুর্ভোগ কমবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত