ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর, ধর্ষক, চাঁদাবাজ রেখে দেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত করতে হলে শুধু নেতা পরিবর্তন করলে হবে না। নীতিরও পরিবর্তন করতে হবে।
গতকাল বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইসলাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন হয় না। অনেকে নিজেদের ইসলামী আন্দোলন দাবি করলেও ইসলামবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এটা গ্রহণযোগ্য নয়।’ সম্মেলনে আগের কমিটি ভেঙে দিয়ে মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সভাপতি ও মাহমুদুর রহমান হাসিবকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ জেলা কমিটি করা হয় এবং নুরে আলমকে সভাপতি ও শাহ্ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।
