বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) এখনো সর্বেসর্বা। রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পর ইসি কেন জানি স্বয়ংক্রিয়ভাবে কিছুটা অধীন হয়ে পড়ে, পরাধীন হয়ে পড়ে। আইন, সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই স্বাধীনতা তারা প্রয়োগ করতে চান না বা পারেন না। নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। এখানে একটা প্রভেশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু ইসি পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে।’
গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ মিলনায়তনে দেশ ভয়েস অব দ্য নেশন নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল আলোচনায় রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া দরকার। এ সময়টা যেন খুব বেশি প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। নির্বাচন যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনসমর্থিত সরকার। এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে। আমি গতকাল বলেছি, প্রথমে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটে। সেই মূল কাজ বাদ দিয়ে যদি সাবসিডিয়ারি কাজ প্রথমে শুরু করে দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। অনেকে আগের উদাহরণ দেয়। আগের সরকার ও ড. ইউনূসের সরকার তো এক হওয়ার কথা না।’
রিজভী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতে হবে এমন মনোভাব থাকলে অবাধ নির্বাচন থাকবে না। আমিই সব, আমার দল সব, অন্যকিছু নেই এ ধরনের চেতনার পরিবর্তন করতে হবে। এর পরিবর্তন করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। মানসিকতার পরিবর্তন না করলে সংস্কার ফলপ্রসূ হবে না।’
বিগত সরকারের সময়ে ইসি তার নিজস্ব স্বাধীনতা খর্ব করতে প্রস্তাব দিয়েছিল জানিয়ে রিজভী বলেন, ‘তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিল। কী অনুগত ইসি ছিল, যারা কমিশনার ছিলেন তাদের সরকার বেছে বেছে নিয়েছে। যারা তাদের জন্য সেøাগান দিতে পারে। ফলে ইসির স্বাধীনতা কী এটা তারা বুঝতে চাইত না। তারা যেটা মনে করতেন আমি কতটুকু চামচামি করলে প্রধানমন্ত্রী খুশি হবেন, সেই কাজটাই তারা করতেন।’
দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ এহসান কবির শানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবু, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।
এদিকে গতকাল কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রিজভী বলেন, গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। এই সরকারের (অন্তর্বর্তী সরকার) উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের ওপর দমন-পীড়ন করেছে শেখ হাসিনা। তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? আপনাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা।
