স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস স্ত্রীর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ভিডিও কলে রেখে এক নববধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সামিয়া (১৫) টেটিয়া উলুকান্দি গ্রামের মুসা মিয়ার মেয়ে। তার স্বামী পার্শ্ববর্তী মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলাম। গত শুক্রবার উপজেলার বিশনন্দি ইউনিয়নের টেটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত সপ্তাহে এলাকায় এসে সামিয়াকে তার বাবার বাড়ি রেখে যান নাসিম। এরপর থেকে নাসিম সামিয়ার পরিবারকে দেনমোহরের ১০ লাখ টাকার পরিবর্তে ১ লাখ টাকা ধার্য করার জন্য চাপ দেন। সামিয়া ও তার পরিবার এতে রাজি না হওয়ায় সামিয়াকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়ে দেন নাসিম। এ নিয়ে মোবাইলে সামিয়া ও নাসিমের বাগবিত-া হয়। এরই জেরে গত শুক্রবার বাড়িতে কেউ না থাকায় মোবাইলে নাসিমকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সামিয়া। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সামিয়াকে ডাকাডাকি করে তার বোন। ভেতর থেকে দরজা না খোলায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সামিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত