কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগ। নারীদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর শুরুর আগের দিন আজ মিরপুর হোম অফ ক্রিকেটে হয়েছে ট্রফি উন্মোচন। আর এ টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি সারতে চান বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এবারই প্রথম মাঠে গড়ানোর কথা ছিল নারীদের বিপিএল। বিসিবি সেটি আয়োজন করতে ব্যর্থ হয়েছে, এমনকি রূপালী ক্রীড়া পরিষদের বিকল্প কোনো ক্লাব আনতে না পারায় ৯টি দল নিয়েই হতে যাচ্ছে এবারের আসর। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তাই উপস্থিত ছিলেন ৯ অধিনায়ক। এ অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের আগে এই লিগটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা বেটার ক্রিকেট খেলতে পারলে তার প্রভাব আমাদের বাছাইপর্বে পড়বে।’
মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব এবার শেলটেক ক্রিকেট একাডেমি নামে খেলছে। এই দলেরই অধিনায়ক জ্যোতি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উইমেন্স ক্রিকেটে এগিয়ে আসাকে ইতিবাচক আখ্যা দিয়ে জানান, ‘প্রথমত আমি বলবো কর্পোরেট দলগুলো ওমেন্স ক্রিকেটে আসছে, বিনিয়োগ করছে। নতুন নতুন ক্রিকেটার বের করার পেছনে তাদের অবদান অনেক। আমিও শেষ মুহূর্তে এই দলের সঙ্গে যুক্ত হয়েছি। ওনাদের অফিসিয়ালরা অনেক বেশি ফেক্সিবল। প্লেয়ারদের অনেক বেশি ফ্রিডম দেয়। যে সব সুযোগ সুবিধা অন্য দলগুলো পায় না সেসবও আমরা পেয়েছি। দল হিসেবে আমাদের দলটি অনেক ব্যালান্সড। জাতীয় দলের তিনজনের মতো ক্রিকেটার আছে এখানে। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু হবে।’ গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল আসর শুরু করবেন জ্যোতিরা।
এবারের লিগ পর্বের ভেন্যু ঠিক হয়েছে তিনটি, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠ। এছাড়া বিকেএসপিতে খেলবে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে নামবে গুলশান ইয়ুথ ক্লাব।
বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখছেন মুরালি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একমাত্র কণ্ঠস্বর আতহার