বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সম্মিলিত কমিটি গঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম জে এইচ মঞ্জু এবং আতিক শাহরিয়াকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ কমিটির চার নেতার নাম প্রকাশ করে শিগগির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য রাশিদুল ইসলাম রিফাত।

এর আগে গত রবিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। যাতে যুগ্ম আহ্বায়ক ৩১ জন, যুগ্ম সদস্য সচিব ২৬, সংগঠক ২০ এবং ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

রিফাত রশিদ জানান, এম জে এইচ মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি করা হয়েছে।

কমিটির চার শীর্ষ নেতাকে পরিচয় করিয়ে দিয়ে রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ^বিদ্যালয় কমিটি গত বছর ১৮ জুলাই বেলা সাড়ে ১১টায় নর্দান ইউনিভার্সিটির শহীদ আসিফকে প্রথম শহীদ এবং সাউথইস্ট ইউনিভার্সিটিকে সর্বোচ্চ শহীদের ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ কমিটি ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিশনের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এ কমিটিকে নিয়ে আমাদের সর্বোচ্চ প্রত্যাশা রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত