কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও জেলেদের ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত সাগর থেকে মাছ ধরে ফেরার পথে চারটি ট্রলার ও তাতে থাকা ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এখনও জেলেদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এর আগে চলতি মাসের ১০ তারিখে আরও চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় গোষ্ঠীটি, তাদের এখনও ফেরত আনা যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নানাভাবে চারটি ট্রলার ও ১৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। ইউএনও জানান, দুটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের। অন্য দুটি শাহপরীর দ্বীপ ঘাটের।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফের ফেরার পথে কায়ুকখালী ঘাটের মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার।
শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর জানিয়েছেন, শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের দুই ট্রলারসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।
এর মধ্যে শাহপরীর দ্বীপের ঘাটের ট্রলার দুটির মালিক মো. কালাইয়া ও জাফর আলম বলে নিশ্চিত হওয়া গেলেও অপর দুটির মালিকের নাম জানা যায়নি।
এ বিষয়ে বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
