ময়মনসিংহে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ী রোডে পাইলিং করা ভবনের দেয়াল ধসে লক্ষী রানী দাস (৭৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নগরীর দুর্গাবাড়ি রোডের বাসিন্দা মৃত বাদল বসাকের স্ত্রী প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুর ১২ টার দিকে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে বাসা থেকে বের হন। তার বাসা সংলগ্ন অপু ও দিপু বসাকদের পুষ্পাঞ্জলি নামে বহুতল ভবন নির্মাণে পাইলিং এর কাজ চলছিল। ওই নির্মাণাধীন ভবনের ইট বালুর চাপে পুরাতন একটি দেয়াল ধসে পড়ে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে ওই বৃদ্ধা নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তার পরিবারের সদস্যরা। 

নিহত বৃদ্ধা লক্ষী রানী দাসের ছেলে কৃষ্ণ বসাক বলেন, ‘দীর্ঘদিন ধরে পুরাতন দেয়াল সরিয়ে ফেলার জন্য বলা হলেও, নির্মাণাধীন ভবনের মালিকরা বিষয়টি কর্ণপাত করেননি। তার মাকে ইচছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তিনি তার মা হত্যার বিচার দাবি করেন।’ 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন,‘ এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত