ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. সিফাত সিফাতুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বরগুনা জেলার বামনা থানার ছনবুনিয়া গ্রামে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সিফাত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে মারা গেছেন, সেটি এখনো জানা যায়নি। 

সিফাতের সহপাঠী হাসিব চৌধুরী বলেন, সিফাত কিছুদিন ধরে নিয়ে বিষণ্ণতায় ভুগছিলেন। কিন্তু আমাদের কারও সঙ্গে এ বিষয়ে কিছু শেয়ার করেনি। সে খুবই ভালো একটি ছেলে।  সিফাতের এই মৃত্যুর খবর কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।

একই ছাত্রাবাসে সিফাতের পাশের রুমে থাকতেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। তিনি বলেন, সিফাত বেশ কিছুদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন। এ কারণেই হয়তো আত্মহত্যা করেছেন। 

চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, আমরা ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত