খিলগাঁওয়ে আগুনে পুড়ল ২০ দোকান দুই স’মিল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম

রাজধানীর খিলগাঁওয়ে একটি স’মিলে লাগা আগুন ছড়িয়ে পড়ে পুড়েছে পাশের আরও একটি স’মিল এবং ২০টি দোকান। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীদের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে এই আগুন। গতকাল শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৭টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আগুনে আনুমানিক ২০টি দোকান এবং দুটি স’মিল পুড়েছে। আগুনে হয়তো কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়েছে। যার ফলে আগুন চারদিকে ছড়িয়েছে। আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে আরও চারটি ইউনিট ছিল, সেগুলো কাজ করতে পারেনি। আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’

আগুনের উৎস কী ছিল তা প্রাথমিকভাবে জানা গিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত ছাড়া এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটাজ হয়েছে, এই প্রতিটি বিষয় আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। অনেক সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।’

স্থানীয়রা জানান, স’মিল থেকে আগুন পাশের একটি গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে। উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় গাড়ির একটি গ্যারেজ এবং রাবারের কাঁচামালের গুদাম রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ও খিলগাঁও মডেল কলেজের বিপরীতে টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার পর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে থাকা বিভিন্ন ধরনের মালামাল আগুনের কারণে বিস্ফোরিত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত