ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় শহিদুল ইসলামকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় দুই আসামি সবুজ ও শরীফুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরিন করিম শনিবার সন্ধ্যায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে পুলিশ সাভার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে শনিবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের শহিদুল ইসলাম ওরফে মুহিদুল মুহিত (২৯), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. সবুজ (৩০), ঢাকার সাভার উপজেলার গেন্ডা গ্রামের শরীফুজ্জামান শরীফ (২৮)। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর সবুজ ও শরীফুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
এর পূর্বে আসামি শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি, ঢাকার সাভার মডেল থানায় একটিসহ মোট ৫টি মামলা রয়েছে।
