অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া দেশকে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি সেই কাজটা যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তী সরকার সেটা করবেন।

শনিবার দুপুর একটার দিকে বিএনপির যশোর জেলা সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান।

স্থানীয় ঈদগাহে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তারেক রহমান আরও বলেন, অন্য যতগুলো মানুষ আজ সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে বিএনপির পার্থক্য এই, স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, মানুষের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা উপস্থাপন করেছে। তিনি বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে তোমরা দেশ ধ্বংস করেছ, আমরা দেশ পুনর্গঠন করব।

তিনি বলেন, আজ আমরা অনেক ব্যক্তির কাছে বড় বড় সুন্দর কথা শুনতে পাচ্ছি। অনেকের সুন্দর কথা শুনছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেই দিন এই সব ব্যক্তির কাছ থেকে আমরা সংস্কারের কোনো কথা শুনতে পারিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে, অমুকের অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে। হ্যাঁ সেটি হয়তো প্রয়োজন। আমরা শুনতে পাই, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। রাজনীতির গুণগত পরিবর্তন আনার উদ্যোগও বিএনপিই গ্রহণ করেছে।

তিনি বলেন, একটি পরিবারের সকল সদস্য এক রকম হয় না, হতে পারে আমাদের লক্ষ লক্ষ নেতা-কর্মীর কেউ হয়তো বিভ্রান্ত হয়ে এমন কিছু করেছেন যেই কাজের নৈতিক সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে সেই সকল নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী কমিটির সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব প্রমুখ বক্তব্য রাখেন।

এ অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতা-কর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধম অধিবেশন শেষে জেলা বিএনপির কমিটি নির্বাচনের জন্য ভোট শুরু হয় দুপুর দুইটায়। পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জেলা কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হচ্ছে। সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত