ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধের অঙ্গীকার ইতালি দূতাবাসের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ এএম

ইতালির ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকায় দেশটির দূতাবাস। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে ভিসা প্রক্রিয়ায় প্রতারণামূলক কার্যক্রম বুঝতে এবং শনাক্ত করতে উভয় দেশের পুলিশ কর্র্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে দূতাবাস। এসব ক্ষেত্রে প্রতারণা-সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশের (গার্ডিয়া ডি ফিনানজা) তদন্তের ফলে সম্প্রতি দূতাবাসের দুজন সাবেক কর্মীসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি অভিযুক্ত হয়েছে এবং তাদের গৃহবন্দি করা হয়েছে। এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একই সঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ।

ভিএফএস গ্লোবালের নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি ছাড়া কাউকে বাড়তি কোনো অর্থ না দিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের খপ্পরে পড়া এড়ানোর বিষয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যেকোনো অনিয়ম ও অসদাচরণের অভিযোগ কর্র্তৃপক্ষের কাছে জানাতে অনুরোধ করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ঢাকায় বাড়তি কর্মী এনে ভিসা প্রক্রিয়াকরণ সময় কমানো হয়েছে। সামনের মাসগুলোতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান হবে বলে দূতাবাস আত্মবিশ্বাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত