কক্সবাজারের চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির নেতা মো. নয়ন চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আটক করে পুলিশ। এর আগে শনিবার রাত আড়াইটার দিকে চকরিয়া থানা সংলগ্ন প্রবাসী স্ত্রী সুমী দাশের বাড়িতে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে হানিফ (৪৩), ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে ওয়ার্ড বিএনপির সহসভাপতি নয়ন (৪৫) ও কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে ইসমাইল (৩৫)।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, শনিবার রাত আড়াইটার দিকে এক প্রবাসীর বাড়ি ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারপর এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত মো. হনিফকে প্রথমে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে জড়িত আরও দুই ডাকাতকে আটক করা হয়।
এরমধ্যে নয়নের কাছ থেকে সাড়ে দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
