একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-ের রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন।
আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত ২৩ জানুয়ারি এ রিভিউ মামলার ওপর শুনানি এক মাস পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করেছিল আপিল বিভাগ। তবে ওইদিন শুনানি হয়নি।
অ্যাডভোকেট শিশির মনির জানান, গতকাল অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আরজির পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য এদিন ধার্য করে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গণহত্যাসহ তিনটি অভিযোগে তাকে ফাঁসি, অপহরণ নির্যাতনের একটি অভিযোগে ২৫ বছর এবং আরেকটি অভিযোগে ৫ বছর কারাদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদ- বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এ ছাড়া ২৫ বছরের কারাদ-ের অভিযোগ থেকে তাকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। পরে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে ২০২০ সালের ১৯ জুলাই আইনজীবীর মাধ্যমে রিভিউ আবেদন করেন এটিএম আজহার। ২৩ পৃষ্ঠার এ আবেদনে অভিযোগ থেকে খালাস চেয়ে ১৪টি যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা।
