দেশে এ বছর সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি বা অন্য কারও জন্য কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেডিকেল কলেজ ২০২৪-২৫ সালের এমবিবিএস ভর্তি কার্যক্রমে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান। এটি বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি-নাতনি বা অন্য কারও জন্য প্রযোজ্য হবে না।
গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১৯৩ জন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য কোটায় উত্তীর্ণ হন। পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা দাবি করেন, এই কোটায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরাও উত্তীর্ণ হয়েছেন। তাদের দাবির মুখে এই কোটায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাই-বাছাই করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেখানে ১৯৩ জনের মধ্যে ৪৯ জন কোটার পক্ষে প্রমাণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডাকে সাড়া দেননি। অধিদপ্তর থেকে জানানো হয়, বাকিদের কাছে কোটার পক্ষে কোনো যৌক্তিক প্রমাণ নেই।
কিন্তু গতকাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অথচ আজ সোমবার সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির শেষ দিন।
এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন দেশ রূপান্তরকে বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই হয়ে গেছে। আমরা ওপরের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত আসার কথা।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের রেখেছি। যে কয়েকজনকে পেয়েছি, আমরা সেই কয়েকটা সিট আলাদা করে রেখেছি। নাতি-নাতনিদেরটা বাতিল করা হয়েছে এবং সেটা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’
এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত এমবিবিএস ভর্তির সময় বাড়ানোর আর কোনো সিদ্ধান্ত হয়নি। মুক্তিযোদ্ধার কোটায় যারা এখনো ভর্তি হননি, তাদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।’
সমতলের ৬ ও পার্বত্য অঞ্চলের ৩০ জন কোটায় মেডিকেল ভর্তিতে মনোনীত : সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় ৬ শিক্ষার্থী এবং পার্বত্য অঞ্চলের উপজাতীয় ও অ-উপজাতীয় কোটার ৩০ জনকে মেডিকেল ভর্তিতে মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত শনিবার থেকে আজ সোমবার পর্যন্ত তাদের ভর্তির সময় ছিল।
এ ব্যাপারে অধিদপ্তরের আদেশে বলা হয়, পার্বত্য অঞ্চলের উপজাতীয় ও অ-উপজাতীয় কোটার ৩০ জনের মধ্যে ১৯ জনকে রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। বাকি ১১ জনকে কক্সবাজার, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, জামালপুর, চাঁদপুর, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, পটুয়াখালী, নেত্রকোনা ও নীলফামারী মেডিকেল কলেজে মনোনীত করা হয়েছে।
এতে আরও বলা হয়, এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পার্বত্য অঞ্চল ছাড়া দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে ছয়জন এবং পার্বত্য অঞ্চলের উপজাতীয় ও অ-উপজাতীয় কোটার শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে যাচাই করে নিয়মানুযায়ী ৩০ জন নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
শেষ হচ্ছে আজ ভর্তির সময় : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে দ্বিতীয় দফায় ভর্তির মেয়াদ বাড়িয়ে গত ১২ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিসে ভর্তির সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।
