প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন; রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এখনকার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।
গতকাল রবিবার দুপুরে ‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে’ অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা প্রয়োজন।
বর্তমান প্রশাসনে যারা আছে তারা ৯১, ৯৬ ও ২০০১-এর নির্বাচন করেছেন মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্ত দেবে না। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা এবং পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকার দুটি ডেটলাইন দিয়েছে, ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। এতে মৃত ভোটার, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভায় পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌক্তিক সময়ে তফসিল : ভোট করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তফসিল কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসাব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি।
